নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। সোমবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। বাকি ৯ জনও বাড়ি ফেরার মতো অবস্থায় রয়েছে।
জোড়খালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দিন জানান, সকাল ১০টায় নিয়মিত পাঠদান শুরু হয়। দুপুর ১২টার দিকে সপ্তম শ্রেণির চারজন ছাত্রী হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাদের বাড়িতে পাঠানোর পর তারা সুস্থ হয়ে ওঠে।
এর কিছুক্ষণ পর দশম শ্রেণির একজন শিক্ষার্থীসহ ষষ্ঠ ও সপ্তম শ্রেণির আরও ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রবিউল ইসলাম নিলয় জানান, ভর্তি ১৩ জন শিক্ষার্থীকে স্যালাইন দেওয়া হয়েছে এবং অনেকেই এখন সুস্থ রয়েছে। তবে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার কারণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিক্ষার্থীরা কেন অসুস্থ হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।’