গাজীপুর সিটি কর্পোরেশন মশাবাহিত রোগের প্রকোপ কমাতে ও ডেঙ্গু প্রতিরোধে জৈব কীটনাশক বিটিআই প্রয়োগের মাধ্যমে মশার লার্ভা ধ্বংসের বিশেষ অভিযান শুরু করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় তিনি জানান, বিটিআই একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকর উপাদান, যা মশার প্রজনন উৎসগুলোকে কার্যকরভাবে বিনষ্ট করতে সক্ষম।
শওকত হোসেন সরকার আরও বলেন, প্রাথমিক ধাপে ৯টি ওয়ার্ডে যেসব এলাকায় মশার উপদ্রব ও ডেঙ্গুর ঝুঁকি বেশি, সেখানে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
পরবর্তীতে গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডে এই কার্যক্রম বিস্তৃত করা হবে। তিনি উল্লেখ করেন, নাগরিক সচেতনতা বৃদ্ধি ও জমে থাকা পানি পরিষ্কারে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি।
সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ও স্বাস্থ্য বিভাগের বিশেষ টিমগুলো ওয়ার্ডভিত্তিক নির্দিষ্ট হটস্পটগুলোতে প্রতিদিন ধারাবাহিকভাবে বিটিআই স্প্রে কার্যক্রম পরিচালনা করবে।