স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন না হয়, তবে ডেঙ্গু মোকাবিলা করা সহজ হবে না। আজ রোববার সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে ডেঙ্গু চিকিৎসার ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে তিনি নিজেই ভয় পান। তিনি বলেন, 'প্লাজমার লিকেজ ঠেকাতে ডাক্তারদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে।' তিনি আরও উল্লেখ করেন, 'সবার প্রচেষ্টায় আমরা দেশটাকে যেভাবে স্বাধীন করেছি, ঠিক সেভাবে সম্মিলিত প্রচেষ্টাই পারবে ডেঙ্গু মোকাবিলা করতে।'
মন্ত্রীর মতে, ডেঙ্গু মোকাবিলায় জলে, স্থলে এবং ছাদে সমান নজর রাখতে হবে। এ কাজে সিটি কর্পোরেশনগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। তিনি সতর্ক করে বলেন, 'একটা ভুল সবকিছুকেই ব্যর্থ করে দিতে পারে।'