ঢাকার ৪১৬ বছর উদযাপনের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে ‘ঢাকা নাট্যোৎসব ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এই উৎসবের আয়োজন করেছে, সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
নাট্যোৎসবটি নয় দিনব্যাপী চলবে এবং প্রতিদিন একটি করে মোট নয়টি নাটক মঞ্চায়িত হবে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হয় প্রাচ্যনাটের ‘কিনু কাহারের থেটার’।
আজ সন্ধ্যায় লোক নাট্যদলের ‘কঞ্জুস’ প্রদর্শিত হবে। আগামীকাল মঙ্গলবার ঢাকা পদাতিকের ‘ট্রায়াল অব সূর্যসেন’ নাটক মঞ্চায়িত হবে।
৯ সেপ্টেম্বর বাঁশরী রেপার্টরি দলের প্রযোজনায় কাজী নজরুল ইসলাম রচিত ‘আলেয়া’ নাটক প্রদর্শিত হবে। ১০ সেপ্টেম্বর আরণ্যক নাট্যদলের ‘কোম্পানি’, ১১ সেপ্টেম্বর থিয়েটার আর্ট ইউনিটের ‘আমিনা সুন্দরী’, ১২ সেপ্টেম্বর তীরন্দাজ নাট্যদলের ‘কণ্ঠনালীতে সূর্য’, ১৩ সেপ্টেম্বর দৃষ্টিপাত নাট্যদলের ‘সে এক স্বপ্নের রাত’ এবং ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ থিয়েটারের ‘সী-মোরগ’ নাটক মঞ্চায়িত হবে।
প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকের প্রদর্শনী হবে শিল্পকলার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এছাড়া, বিকেল সাড়ে ৪টা থেকে উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে।
গত আগস্টে ঢাকা নাট্যোৎসব ২০২৬-এর প্রথম পর্বের আয়োজন করা হয়েছিল। রাজধানীর সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আব্দুস সালাম।