বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মার্ক জাকারবার্গ আয়ারল্যান্ডের ওয়াটারফোর্ড কাউন্টিতে প্রায় ২০০ বছরের পুরোনো একটি দুর্গ কিনেছেন। জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জাকারবার্গের মুখপাত্র ব্রায়ান বেকার জানান, এই ঐতিহাসিক বাড়িটি দেখভাল করতে এবং আয়ারল্যান্ডে সময় কাটানোর জন্য তারা আগ্রহী। উল্লেখ্য, মেটার আন্তর্জাতিক সদর দফতরও আয়ারল্যান্ডে অবস্থিত।
দুর্গটি ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত এবং মোট ১৬ হাজার বর্গফুট আয়তনের। এটি দক্ষিণ আয়ারল্যান্ডের ইওগাল শহর থেকে প্রায় ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। জাকারবার্গের জন্য এই সম্পত্তির মূল্য আনুমানিক ২ থেকে ৩ কোটি ইউরো, যা মার্কিন মুদ্রায় প্রায় ২ কোটি ৩০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ ডলার।
জাকারবার্গের আনুমানিক সম্পদের পরিমাণ ১৯২.৪ বিলিয়ন ডলার, ফলে এই দুর্গের দাম তার সম্পদের তুলনায় খুবই সামান্য। এটি তার ক্রমবর্ধমান রিয়েল এস্টেট সাম্রাজ্যের সর্বশেষ সংযোজন।
এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বিপুল পরিমাণ জমি ও বিলাসবহুল বাড়ি কিনেছেন। ক্যালিফোর্নিয়ায় পালো আল্টো শহরের ক্রিসেন্ট পার্ক এলাকায় তার পাঁচটি বাড়ি রয়েছে।
জাকারবার্গের রিয়েল এস্টেটের মধ্যে উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে হাওয়াইয়ের কাউয়াই দ্বীপে, যেখানে তার মালিকানাধীন জমির পরিমাণ ১ হাজার ২০০ একরেরও বেশি।