ঢাকাসহ দেশের ৯ জেলায় রাতের মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই কারণে সোমবার দুপুর আড়াইটা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতর স্থানীয়দের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে।