ঢাকার সড়কে অটোরিকশাচালকদের কর্মসংস্থান অক্ষুণ্ন রাখতে নতুন নীতিমালা ও বিধিমালা কার্যকর করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
নতুন নীতিমালার অধীনে প্রতিটি অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে। এর ফলে একটি নম্বরের অধীনে একাধিক রিকশা চালানোর সুযোগ থাকবে না।
এছাড়া, লেড-এসিড ব্যাটারি তুলে দিয়ে পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। সরকার নির্দিষ্ট এলাকাভিত্তিক রিকশা চলাচল নিশ্চিত করতে চায়।
মন্ত্রী বলেন, গত এক দশকে ব্যাটারিচালিত অটোরিকশা, ইজি বাইক ও বৈদ্যুতিক যানসমূহ গ্রামীণ ও নগর পরিবহন ব্যবস্থার একটি প্রধান অংশ হয়ে উঠেছে। কম খরচ ও সহজ যাতায়াতের কারণে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, তবে এর দ্রুত বিস্তার বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে।
তিনি আরও জানান, সারাদেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে, যা মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫ শতাংশ ব্যবহার করে। বিপরীতে বৈধ চার্জিং পয়েন্টের সংখ্যা মাত্র ৩ হাজার ৩০০টি।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল নিষিদ্ধ করেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডিএমপি, ডেসকো ও ডিপিডিসির যৌথ অভিযানে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।