শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

নওগাঁয় আর্জেন্টিনা নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে মারধর

নওগাঁয় আর্জেন্টিনা নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

নওগাঁয় আর্জেন্টিনা নিয়ে ব্যঙ্গ করায় ১৭ শিক্ষার্থীকে মারধর

নওগাঁ জেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ জন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শামীমা আক্তার জানান, আর্জেন্টিনার পরাজয়ের পর তারা কয়েকজন মিলে শ্রেণীকক্ষে গান গাইছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক সালাম শ্রেণীকক্ষে প্রবেশ করে বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় শ্রেণীকক্ষে উপস্থিত ২৩ জনের মধ্যে ১৭ জন শিক্ষার্থী শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বুধবার রাতের দিকে নারচী মোড়ে বিক্ষোভ করেন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে এ ধরনের নির্যাতন অন্যায়। তিনি দাবি করেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এ ধরনের ঘটনার শিকার না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম বলেন, "শিক্ষার্থীদের মারধর করায় আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।" তিনি বিষয়টি নিয়ে অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করবেন বলে জানান।

নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, "বিষয়টি আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।"

বিজ্ঞাপন