ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির পর্যটন খাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বাতিল হয়েছে শত শত বুকিং, যা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য বড় ধরনের লোকসান নিয়ে এসেছে।
জানা গেছে, টানা বৃষ্টির ফলে কৃষি, মৎস্য ও অবকাঠামোর ক্ষতির পরিমাণ ৬৬ কোটি টাকারও বেশি। সড়ক তলিয়ে যাওয়ার কারণে দীঘিনালা-সাজেক সড়কের একাধিক অংশ তিন দিন ধরে বিচ্ছিন্ন ছিল।
পর্যটক না আসায় পরিবহন শ্রমিক, হোটেল ও রিসোর্ট মালিক, গাইড এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। খাগড়াছড়ি ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জ্বল দে জানান, 'সরকার যদি প্রণোদনা দেয় তাহলে হয়তো লোকসানের কিছুটা পুষিয়ে নিতে পারব।'
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতির সাথে সাথে পর্যটকদের আগমন বাড়বে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, 'আবহাওয়া স্বাভাবিক হলে আশা করি পর্যটকের সমাগম বাড়বে এবং ব্যবসায়ীরাও ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবে।'
বন্যার কারণে খাগড়াছড়ি ও সাজেকে পর্যটন খাতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।