খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে নতুন জীপলাইন ও জায়ান্ট সুইং চালু হয়েছে, যা রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জন্য একটি নতুন বিনোদনের সুযোগ সৃষ্টি করেছে। জেলা পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রথমবারের মতো আউটডোর রাইড দুটি পর্যটকদের ভিন্নধর্মী রোমাঞ্চের অভিজ্ঞতা দেবে।
নির্মাণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জীপলাইন ও জায়ান্ট সুইং আন্তর্জাতিক মান বজায় রেখে স্থাপন করা হয়েছে। প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে, স্বচ্ছ জলের লেক এবং সবুজে ঘেরা আলুটিলা পাহাড়ের নিকটে এই রাইডগুলো পর্যটকদের জন্য আকর্ষণীয় হবে।
এক পর্যটক বলেন, “জীবনে প্রথমবারের মতো জীপলাইন করলাম, খুবই ভালো লাগছে। এরকম আগে কখনো করি নাই। দারুণ অভিজ্ঞতা।”
নির্মাতা প্রতিষ্ঠান ওয়েল্ডারনেস বিডির প্রতিষ্ঠাতা সাদাব ইয়াসির জানান, “আমরা এখানে যেসব এক্টিভিটি স্থাপন করেছি তা আন্তর্জাতিক মানের। হয় ইউরোপ না হয় আমেরিকার তৈরি।”
এই উদ্যোগের ফলে পাহাড়ের অর্থনীতি সমৃদ্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা করা হচ্ছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, “আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এটি পরিচালনা করবো। এর মধ্য দিয়ে পর্যটকরা নতুন অভিজ্ঞতা পাবে।”
খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, “পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে জীপলাইন ও জায়ান্ট সুইং স্থাপন করা হয়েছে। এতে ইউরোপে তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করায় পর্যটকেরা নিবিঘ্নভাবে এসব এক্টিভিটি উপভোগ করতে পারবে।”
৪৭ লাখ টাকা ব্যয়ে স্থাপিত আধুনিক জীপলাইন ও জায়ান্ট সুইং রাইডে চড়তে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের জনপ্রতি ১০০ টাকা ও ৭০ টাকা ব্যয় করতে হবে।