জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে।
জেজিটিডিএসএলে পরিচালক হিসেবে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনীত করা হয়েছে। অন্যদিকে, পিজিসিএলে পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সারবিনা আফরিন মুস্তফাকে মনোনীত করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিনের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিটি পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।