গাজীপুরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ ৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া, ৩৯টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার সকালে গাজীপুরের গাছা ও বাসন সড়ক এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে, শ্রমিক বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশ, ১৩ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি সদস্যরা মাঠে কাজ করছেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, গতকাল পর্যন্ত গাজীপুরে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ রাতে মোবাইল ফোনে শ্রমিকদের কারখানা বন্ধের নোটিশ জানিয়েছে এবং কারখানা ফটকেও বন্ধের নোটিশ টানানো হয়েছে।