বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে পোশাকশ্রমিকদের কাজে যোগদান, পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন।

গাজীপুরে পোশাকশ্রমিকদের কাজে যোগদান, পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরের বেশির ভাগ পোশাক কারখানা টানা কয়েকদিন আন্দোলনের পর খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিচ্ছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানাগুলো আজ মালিকপক্ষের নির্দেশে খুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এসব এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সহিংস আন্দোলন ঠেকাতে পুলিশসহ ১৩ প্লাটুন বিজিবি ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এশিয়া ওয়ার্ল্ড ফ্যাশনের শ্রমিক মো. রমজান হোসেন জানান, গত কয়েকদিন কারখানার সামনে আন্দোলন থাকায় তিনি কাজে যোগ দিতে পারেননি। আজ সকালে আন্দোলন না থাকায় তারা কারখানায় প্রবেশ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এছাড়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন