রাজশাহী অঞ্চলে রোপা আমন চাষের মৌসুমে সারের সংকট দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে চাহিদার তুলনায় সারের সরবরাহ অনেক কম।
খোলা বাজারে সার পাওয়া যাচ্ছে বস্তা প্রতি ২০০ টাকা থেকে ৪০০ টাকা বেশি দামে। বর্তমানে রাজশাহীর মাঠজুড়ে কৃষকেরা রোপা আমন চাষের ব্যস্ততায় রয়েছেন। কেউ জমি প্রস্তুত করছেন, কেউবা তুলছেন বীজতলা থেকে চারা।
কৃষকদের অভিযোগ, ডিলারের দোকানে প্রয়োজনীয় সার নেই। বাধ্য হয়ে খোলা বাজার থেকে প্রতি বস্তায় ২০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার কিনতে হচ্ছে। এ কারণে এ মৌসুমে ধানের ফলন নিয়ে শঙ্কা রয়ে গেছে।
রাজশাহীর ডিলার মো. আব্দুল হক জানান, ‘ডিএপি, টিএসপি ও এমওপি সারের সরবরাহ, চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান বলেন, ‘কিছু ক্ষেত্রে দেরিতে সরবরাহ হলেও, সারের সংকট নেই।’
রাজশাহী অঞ্চলে এ মৌসুমে ৪ লাখ ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ পর্যন্ত রোপণ হয়েছে ২ লাখ ৭৫ হাজার হেক্টর জমিতে।