বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রাজশাহীতে ৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ তহবিল ঘোষণা

রাজশাহী অঞ্চলের কৃষি খাতের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার ঋণ তহবিল ঘোষণা করা হয়েছে।

রাজশাহীতে ৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ তহবিল ঘোষণা

রাজশাহী অঞ্চলের কৃষি খাত ও কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে ৩ হাজার কোটি টাকার বিশেষ ঋণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। মঙ্গলবার (৪ আগস্ট) রাজশাহীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘রিজিওনাল কনফারেন্স অন এগ্রো প্রসেসিং’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলের কৃষি উদ্যোক্তারা মাত্র ৫ থেকে ৯ শতাংশ সুদে এই তহবিল থেকে ঋণ গ্রহণ করতে পারবেন। তিনি অতীতের কোনো সরকারের এই ধরনের উদ্যোগ না নেওয়ার কথা উল্লেখ করে স্থানীয় উদ্যোক্তাদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

উপদেষ্টা আরও জানান, রাজশাহী অঞ্চল উদ্বৃত্ত কৃষি ফসল উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ করে বিদেশে রপ্তানির ব্যবস্থা নেওয়া হবে। সরকার আগামী ডিসেম্বর থেকেই উত্তরাঞ্চলের বন্ধ থাকা শিল্পকল-কারখানাগুলো পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা স্থানীয় কর্মসংস্থানে বড় ভূমিকা রাখবে।

কনফারেন্সে বক্তা ও স্থানীয় উদ্যোক্তারা উল্লেখ করেন, রাজশাহী অঞ্চলে আম, আলু, সবজি ও মাছ উৎপাদনে বিশাল সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত প্রক্রিয়াজাতকরণ শিল্প ও কোল্ড চেইন অবকাঠামোর অভাবে কৃষকরা সঠিক মূল্য থেকে বঞ্চিত হন। বিনিয়োগ বৃদ্ধি করে বিশ্বমানের এগ্রো-প্রসেসিং চালু করা গেলে রপ্তানির পাশাপাশি কৃষকদের আয় বহুগুণে বৃদ্ধি পাবে।

রাজশাহী পিটিআই কনফারেন্স হলে অনুষ্ঠিত এই সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি ও স্থানীয় কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন