বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের কথা বলেন।

বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষিক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি জানান, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি এবং সে সময় দেশে খাদ্যশস্যের বিশাল ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বাড়াতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশে সামগ্রিকভাবে খাদ্যশস্যের ঘাটতি নেই, যার কৃতিত্ব দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের।

প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায়, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার মতো নানা প্রতিকূলতা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে। রাষ্ট্রপতি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি চর্চার ওপরও গুরুত্ব দেন এবং কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।

এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন