রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্য অস্ট্রিয়া, গায়ানা ও ফিজির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ সোমবার সকালে নবনিযুক্ত অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত এবং ফিজি ও গায়ানার অনাবাসিক হাইকমিশনারদের কাছে পরিচয়পত্র পেশের সময় এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, "বাংলাদেশে বিপুলসংখ্যক তরুণ, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে, যাঁরা বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, উৎপাদন ও সেবা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।" তিনি অস্ট্রিয়া ও গায়ানায় চিকিৎসক, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট এবং ফিজিতে অবকাঠামো নির্মাণ ও কৃষি খাতে আরও বেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান জানান।
রাষ্ট্রপতি স্বচ্ছ ও দক্ষতাভিত্তিক অভিবাসন ব্যবস্থা এবং প্রয়োজনীয় দ্বিপক্ষীয় সমঝোতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় অস্ট্রিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রবার্ট জিস্ক রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। পরে গায়ানার হাইকমিশনার ধারামকুমার সীরাজ এবং ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি পরিচয়পত্র পেশ করেন।
রাষ্ট্রপতি অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে দেশটির প্রেসিডেন্ট ড. আলেকজান্ডার ভ্যান ডার ব্যালেনের প্রতি শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশে ক্রমবর্ধমান বাজার ও বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রিয়ার ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বাংলাদেশ সফর ও সরাসরি বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
গায়ানার হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সাম্প্রতিক নির্বাচনে গায়ানার প্রেসিডেন্ট ড. মোহাম্মেদ ইরফান আলী পুনর্নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
ফিজির হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে কৃষি, বাণিজ্য, পর্যটন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুনীল অর্থনীতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা এবং সমুদ্র ও নৌবিষয়ক প্রতিষ্ঠানগুলোর দক্ষতা বৃদ্ধি নিয়ে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্ব পালনের সময় সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।