বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে করা পানি চুক্তির প্রতিটিতেই প্রতারণা জড়িত। তিনি আজ সোমবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যবার্ষিকী উপলক্ষে জাতীয় শহিদ মিনারে আয়োজিত গণসমাবেশে এ মন্তব্য করেন।
রিজভী অভিযোগ করেন, ‘৫৫ বছরেও বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি ভারত। তাই আগামীতে পানির ন্যায্য অধিকার আদায়ে আরও জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘পানিবণ্টনের ন্যায্য দাবি তুললেই একশ্রেণির বুদ্ধিজীবী সমালোচনায় মুখর হন। অথচ উজানে একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশে সংকট তৈরি হচ্ছে।’
রিজভী বলেন, ‘ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা বলে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার উপেক্ষা করা যায় না। আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করে দেশ পরিচালনা করার পরেও বাংলাদেশকে পানির ন্যায্য হিস্যা দেয়নি।’
তিনি দেশের স্বার্থ ও মানুষের অধিকার রক্ষায় প্রতিবাদ আরও জোরালো ও তীব্র করার আহ্বান জানান।