রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের ওপর দ্বিতীয় দিনের শুনানি চলছে। আসামি পক্ষ শেখ হাসিনাসহ ৪১ আসামির অব্যাহতি চেয়ে আবেদন করেছে।
প্রথম দিনের শুনানিতে গত বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায়। বর্তমানে ৩০ জন আসামি পলাতক রয়েছে। আজ সোমবার সকালে গ্রেপ্তার ১১ জনকে আদালতে হাজির করা হয়।
প্রথম দিনের শুনানিতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের আচরণের কারণে তীব্র সমালোচনা হয়। আজ অধিকাংশ আসামিকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে তোলা হয়। তবে দিপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও অসুস্থ শাহরিয়ার কবিরকে হাতকড়া পরানো হয়নি।
হাজির অন্য আসামিদের মধ্যে আছেন আব্দুল লতিফ সিদ্দিকী, হাসানুল হক ইনু ও সাংবাদিক মোজাম্মেল বাবু। বিকেলে রাষ্ট্রপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে জিয়াউল আহসানকে কারাগার থেকে ভার্চুয়ালি বিচারকার্যে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ৫ ও ৬ মে ঢাকায় ৩২ জন ও নারায়ণগঞ্জে ২০ জন নিহতের ঘটনা দুই ভাগে ভাগ করে অভিযোগ দায়ের করা হয়েছে। ট্রাইব্যুনাল আইনের তিনের দুই ধারার সেকশন সি অনুযায়ী একটি ধর্মীয় গ্রুপকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ দাখিল করা হয়েছে।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘জিয়াউল আহসানের একটা কুমতলব হচ্ছে, অন্যান্য আসামির সাথে তিনি একত্রে একই ভ্যানে করে আসবেন। আজকে সকালে আমি যে রিপোর্টটা পেয়েছিলাম, তিনি কিছুতেই আসতে চান না।’