বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৩ নম্বর সংকেত সমুদ্রবন্দরে

ঘূর্ণিঝড় আকভানের কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত জারি, নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে মাছ ধরার নৌকা ও ট্রলারকে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ৩ নম্বর সংকেত সমুদ্রবন্দরে

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর কারণে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি উত্তর দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১২৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ১০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি আগামীকাল শুক্রবার দুপুর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার এবং দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে যতক্ষণ না পরবর্তী নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন