মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগণের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ১২৮টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় ৬টি দেশ এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ।
ঢাকায় প্রাপ্ত তথ্য বিবরণীতে জানানো হয়, প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্যে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক রোহিঙ্গা সংকট সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর অতিবাহিত হলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি।"
রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, "এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।"
এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে।
রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, "রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।" তিনি প্রস্তাবের বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ভোটের ব্যাখ্যায় জানায়, তারা আইসিসির উল্লেখের বিষয়ে একটি সাধারণ বিরোধিতার অবস্থান রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।