স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল ও নন-মেডিকেল কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন কার্যক্রমে নতুন ছয় সদস্যের কমিটি গঠন করেছে।
গত ১৬ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা অফিস আদেশ জারি করে এই কমিটি গঠনের ঘোষণা দেয়। কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)।
কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন), উপপরিচালক (পার-১ ও ২) এবং সংশ্লিষ্ট শাখার সহকারী পরিচালক (পার-১/২/৩/৪)।
কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন)। অফিস আদেশ অনুযায়ী, কমিটি বদলি ও পদায়নের প্রস্তাব পর্যালোচনা করে সুপারিশসহ কার্যবিবরণী তৈরি করবে।
এছাড়া, এসব সুপারিশ মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের বদলি ও পদায়ন কার্যক্রম পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে বদলি ও পদায়নের ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়বিচার নিশ্চিত করার নির্দেশনা রয়েছে।