মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এ সতর্ক সংকেত বহাল রেখেছে।

মঙ্গলবার (৭ জুলাই) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

বর্তমানে লঘুচাপটি পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া, আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।

বিজ্ঞাপন