মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ-জাতিসংঘ অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বৈঠক

বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ-জাতিসংঘ অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, 'নারী, শান্তি ও নিরাপত্তা' (ডব্লিউ পিএস) এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনেন্ট মোতায়েনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বৈঠকের শুরুতে জাতিসংঘের সহায়তার জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলকে ধন্যবাদ জানান এবং শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের কার্বন ফুটপ্রিন্ট হ্রাস করতে প্রতিশ্রুতিবদ্ধ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৌর প্যানেল স্থাপনকারী প্রথম দেশ। তিনি জানান, বাংলাদেশের বিশেষায়িত অভিজ্ঞতা ব্যবহার করে জাতিসংঘের সহযোগিতায় ভবিষ্যতে নবায়নযোগ্য জ্বালানি স্থাপনে কাজ করতে আগ্রহী।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ 'উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটি' (ডব্লিউ পিএস) এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে জাতিসংঘের কাছে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ জানান, হাইতির অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মোকাবিলায় বাংলাদেশ আধুনিক ৩টি বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েনের প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জাতিসংঘের কাছে এই ইউনিটগুলোর কার্যকর ব্যবহারের জন্য প্রস্তাব পেশ করেন।

তিনি জানান, আগামী ১৫-১৭ জুলাই ২০২৬ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আলোচনায় অংশ নেবে। মন্ত্রী জাতিসংঘের সহযোগিতায় এই আলোচনা সফল হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারিত্ব ও সাহসিকতার প্রশংসা করেন এবং বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের অংশীদারিত্ব জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন