২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের কোটি ভক্ত। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো এফ. ডি. ফেরেস বাংলাদেশি সমর্থকদের উদ্দেশে একটি বিশেষ বার্তা দিয়েছেন।
রাষ্ট্রদূত জানান, "প্রিয় বাংলাদেশে বসবাসকারী ব্রাজিলের বন্ধুরা, ফুটবলে এমন কিছু মুহূর্ত আসে, যখন শব্দের চেয়ে নীরবতাই যেন বেশি কথা বলে।" তিনি বলেন, "শেষ বাঁশি বাজার পর বিশ্বের কোটি কোটি ব্রাজিলিয়ানের হৃদয়ে যে হতাশার ভার নেমে এসেছে, আমি জানি সেই একই অনুভূতি বাংলাদেশের অসংখ্য হৃদয়েও প্রতিধ্বনিত হয়েছে।"
ফেরেস বলেন, "বাংলাদেশে ব্রাজিলের অসাধারণ সমর্থকদের প্রতি প্রথমেই জানাই আন্তরিক ধন্যবাদ।" তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমাদের রঙ ধারণ করার জন্য, আমাদের পতাকা উড়িয়ে রাখার জন্য, আমাদের খেলোয়াড়দের সমর্থনে কণ্ঠ মেলানোর জন্য এবং এত আন্তরিক ও অকৃত্রিম ভালোবাসা নিয়ে ব্রাজিলকে বিশ্বাস করার জন্য আপনাদের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।"
ব্রাজিলের পরাজয়ের প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, "এটি বেদনাদায়ক। কারণ ব্রাজিলিয়ানদের কাছে ফুটবল কখনোই শুধু একটি খেলা নয়। এটি স্মৃতি, শৈশব, পরিবার, সুর, আনন্দ, আশা—আর কখনও কখনও, হৃদয়ভাঙার গল্প।"
তিনি আরও বলেন, "ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের ফুটবল সমন্বয়ক রদ্রিগো কায়েতানো—দুজনেই আমাদের মনে করিয়ে দিয়েছেন, এটি কোনো গল্পের সমাপ্তি নয়; বরং একটি নতুন অধ্যায়ের সূচনা।"
রাষ্ট্রদূত যোগ করেন, "ব্রাজিল আবারও ঘুরে দাঁড়াবে—পরাজয়কে সহজে ভুলে যাওয়া যায় বলে নয়, বরং বারবার উঠে দাঁড়ানোই আমাদের পরিচয়ের অংশ।"
তিনি বলেন, "ফুটবল এমন এক ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করতে পারে, যা দূরত্ব, ভাষা কিংবা সীমান্তের চেয়েও শক্তিশালী।" রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, "হলুদ জার্সি আবারও উজ্জ্বল হয়ে উঠবে। সুর ফিরে আসবে। আনন্দ ফিরে আসবে।"