চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের জন্য সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক জিয়াউল মোর্শেদ দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন।
২৪ মে আদালত ওই আবেদন মঞ্জুর করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেয়।
তবে, এক মাস পর ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবেদন করেন।
গত বছরের ২০ অক্টোবর সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটি সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষ থেকে করা হয়।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়।