মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। আমন্ত্রণপত্রে ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য তৃতীয় গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই অবকাঠামো, ডিজিটালাইজেশন, জ্বালানি, পরিবহন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি করবে।

এ সময় রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে পাঠানো একটি অভিনন্দনপত্রও হস্তান্তর করেন। এতে পররাষ্ট্রমন্ত্রীকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক পর্যালোচনা করা হয় এবং ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

প্রস্তাবিত বাংলাদেশ-ইইউ বিজনেস ফোরাম ২০২৭, আসন্ন উচ্চপর্যায়ের সফর ও যোগাযোগ, বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এর সম্ভাবনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও মতবিনিময় করা হয়।

এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, জাতিসংঘ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন