ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সহকারী সার্জন ডা. সিমুনা সিরাজ মীমের বিরুদ্ধে ১১৩ দিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠেছে। এই কারণে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আবুল খায়ের মাহমুদ স্বাক্ষরিত ২৫ জুন ২০২৬ তারিখের পত্রে বলা হয়েছে, ডা. সিমুনা ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। ২২ ফেব্রুয়ারি কর্মস্থলে উপস্থিত থাকার পর ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত নৈমিত্তিক ছুটি নেন। এরপর ২ ও ৩ মার্চ বিলম্বে উপস্থিত হওয়ার পর ৪ মার্চ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডা. সিমুনা সিরাজ মীমকে তিনটি কৈফিয়ত তলবের নোটিশ দেওয়া হয়েছে এবং কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়। তবে তার লিখিত জবাব স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক নয় বলে দাবি করা হয়েছে।
ইউএইচএফপিও জানান, বারবার যোগদানের তাগিদ দেওয়া সত্ত্বেও তিনি ফিরে আসেননি এবং মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সফল হননি। অবশেষে, হঠাৎ করে বদলির আদেশ নিয়ে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হন।
ডা. সিমুনা সিরাজ মীম জানান, তিনি অসুস্থতা ও ছোট শিশুর সেবার কারণে ছুটিতে ছিলেন এবং ১১৩ দিন অনুপস্থিতির বিষয়ে দাবি করেন যে, তিনি ছুটির আবেদন করেছেন। বর্তমানে তিনি বরিশালে বদলি হয়েছেন।