লক্ষ্মীপুরের অধিকাংশ গ্রামীণ সড়ক বর্তমানে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কের সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে এবং জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, কৃষক ও কর্মজীবী মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কগুলো মেরামত হচ্ছে না। লক্ষ্মীপুর সদরের জকসিন-পোদ্দার বাজার সড়কটি ১০ কিলোমিটার দীর্ঘ, যেখানে কার্পেটিং উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। প্রতিদিন হাজারো মানুষ ও কয়েকশ যানবাহন চলাচল করলেও সড়কটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তে গাড়ির চাকা পড়ে দুর্ঘটনা ঘটছে, যা স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শুধু জকসিন-পোদ্দার বাজার নয়, জেলার বেশিরভাগ গ্রামীণ সড়কেরও একই অবস্থা। কোথাও ২০ মিনিটের পথ পার করতে দুই থেকে তিন ঘণ্টা লাগছে, যা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও স্বাভাবিক যোগাযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। যানবাহন চালকরাও চরম বিপাকে পড়েছেন। গর্তে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
স্থানীয়রা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন। লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, ‘প্রায় এক হাজার কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে যেগুলোর অবস্থা সবচেয়ে নাজুক, সেগুলোর দরপত্র ও প্রাক্কলন অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই শুরু হবে সংস্কার।’
দালাল বাজার-মীরগঞ্জ এবং জকসিন-পোদ্দার বাজার সড়কে গত ৬ মাসে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। স্থানীয়দের দাবি, আরও প্রাণহানি এড়াতে দ্রুত সড়ক সংস্কার করা প্রয়োজন।