সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে রাশিয়ার সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ১৯ আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বিমানের ক্রু সদস্যরাও রয়েছেন। বিধ্বস্ত বিমানটি আন্তোনভ এ/এন-১২ মডেলের ছিল এবং এটি নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় দুর্ঘটনায় পড়ে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটির ৪টি ইঞ্জিনের একটি ত্রুটির কারণে আগুন ধরে যায়, যা বিমানটির নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অচল করে দেয়। এর ফলে বিমানটি বিধ্বস্ত হয়।
আঞ্চলিক গভর্নর জানান, বিমানটি একটি জনশূন্য এলাকায় বিধ্বস্ত হওয়ায় প্রাণহানির ঘটনা বাড়েনি।
দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত দল ও বিমান দুর্ঘটনা তদন্ত কমিশন কাজ করছে। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।