ভারতের আসামে অবতরণের আগমুহূর্তে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। শনিবার রাজ্যের জোরহাট বিমান ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অবতরণের সময় বিমান বাহিনী স্টেশন চত্বরের ভেতরেই এএন-৩২ বিমানটি আছড়ে পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে বিধ্বস্ত হয়। ভারতীয় বিমানবাহিনী ৫ জন নিহতের খবর নিশ্চিত করেছে।
নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জীতেন্দ্র শর্মা, অগ্নিবীর বায়ু খেমারাম কুমওয়াত ও দানিশ আলম।
এনডিটিভি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ভারতীয় বিমানবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি পর্যালোচনার পর বিস্তারিত তথ্য জানানো হবে।
আন্তোনভ এএন-৩২ ভারতের বিমানবাহিনীর প্রধান ভরসা বা ওয়ার্কহর্স হিসেবে পরিচিত। এটি মূলত ভারতের বিশেষ প্রয়োজনের কথা মাথায় রেখে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তৈরি করা হয়েছিল। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর বহরে এ ধরনের প্রায় ১০০টি বিমান রয়েছে।
এএন-৩২ বিমান প্রতিকূল পরিবেশে, বিশেষ করে অত্যন্ত উঁচু বিমানঘাঁটি এবং উষ্ণ ক্রান্তীয় আবহাওয়ায় উড্ডয়ন করতে পারে। এটি সর্বোচ্চ ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে সক্ষম। দুর্গম এলাকায় রসদ সরবরাহের জন্য এ ধরনের বিমান ব্যাপকভাবে ব্যবহৃত হয়।