ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন মোহাম্মদ লতিফ ভাট। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, লতিফ ছিলেন দক্ষিণ কাশ্মীরের সর্বশেষ সক্রিয় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী। বুধবার (১৮ নভেম্বর) কুলগাম জেলায় অভিযান চালিয়ে তাকে হত্যা করা হয়। প্রায় এক বছর ধরে তাকে ধরতে অভিযান চলছিল।
২৩ বছর বয়সী লতিফ বুধবার সকালে কুলগামের জাঙ্গালগাম গ্রামের একটি মসজিদের ভেতরে আটকা পড়েছিলেন। তাকে খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী পুরো গ্রাম ঘিরে ফেলে। নিরাপত্তা সদস্যরা তাকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তিনি প্রতিরোধ চালিয়ে যান।
এর আগে, কুলগামের লারু বাইপাসের কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লতিফের এক সহযোগী উমর নিসার দার নিহত হন। ওই সংঘর্ষের সময় লতিফ পালিয়ে যেতে সক্ষম হন।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক পোস্টে লতিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, "বুধবার ভোরে কুলগামে পরিচালিত অভিযানে উপত্যকায় লস্কর-ই-তৈয়বার সর্বশেষ পরিচিত সক্রিয় স্থানীয় সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে।"
শাহ অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা জানিয়ে বলেন, "তাদের মধ্যে অত্যন্ত উচ্চপর্যায়ের সমন্বয় ছিল।"
নিরাপত্তা বাহিনীর নথি অনুযায়ী, লতিফ ছিল জম্মু ও কাশ্মীরে প্রশিক্ষণপ্রাপ্ত সক্রিয় সন্ত্রাসীদের মধ্যে একমাত্র ব্যক্তি, যিনি তখনও তৎপর ছিলেন। তার নিখোঁজ হওয়া এবং পরবর্তী সময়ে বিভিন্ন সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগ তাকে অন্যতম মোস্ট ওয়ান্টেড ব্যক্তিতে পরিণত করে।
লতিফ কুলগামের খ্রেওয়ান গ্রামের বাসিন্দা এবং পেশায় কাঠমিস্ত্রি ছিলেন। ২০২৫ সালের নভেম্বরে তার পরিবার নিখোঁজ হওয়ার অভিযোগ জানায়। ধারণা করা হয়, নিখোঁজ হওয়ার সময়ের কাছাকাছি তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হন।
গত বছরের নভেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাকে লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন হিসেবে পরিচিত কাশ্মির রেভল্যুশন আর্মিতে (কেআরএ) যোগ দিতে দেখা যায়। এ ঘটনায় ২০২৫ সালের ১৯ নভেম্বর কুলগাম থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে তার পরিবার।