সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। সোমবার বেলা আনুমানিক ৩টার দিকে উপজেলার অনন্তপুর উত্তর হাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরহাদ আহমেদ শাহ, তার বাবা নুরুল আমিন ও মা ফাতেমা বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদের দোকানের টিনের ওপর পড়ে। ফরহাদ দুর্ঘটনাবশত ওই টিনের ঘরে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসেন বাবা নুরুল আমিন, কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে মা ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
একই পরিবারের তিন সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্বম্ভরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) মো. এনায়েত হোসেন জানান, ঘর মেরামত করার জন্য তারা মিটারটি অন্যত্র সরিয়ে রেখেছিলেন। তখন অসাবধানতাবশত প্রথমে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে তার বাবা-মা বিদ্যুৎস্পৃষ্ট হন। বর্তমানে মিটারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ফরহাদ তার ঘরে বিদ্যুতের কাজ করছিলেন, তখন অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে তার মা-বাবা চেষ্টা করলে তাদেরও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।