সুনামগঞ্জের তাহিরপুরে এক বাবার কীটনাশক পান করার ঘটনায় তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো—সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) এবং তামিম মিয়া (২)। তাদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। শুক্রবার রাতে, তিনি তিন সন্তানকে নিয়ে ঘুমাতে যান এবং পরে রাত ১টার দিকে কীটনাশক পান করেন।
বিষপানের পর সরফত আলী তার ময়মনসিংহে থাকা ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। এরপর তার ফুফু রহমত আলীকে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা দ্রুত বাড়িতে এসে তাদের উদ্ধার করেন।
তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।