ক্যালিফোর্নিয়ার মহাসড়কে ২৩ বছর বয়সী এমিলি নরম্যান্ডিন-পার্কারকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর অন্য একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তার পরিবারকে ৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
২০২৩ সালের ১২ আগস্ট, এমিলি তার বন্ধুর সঙ্গে উবারে বাড়ি ফিরছিলেন। আদালতের নথি অনুযায়ী, চলাকালীন সময়ে এমিলির বন্ধু অসুস্থ হয়ে পড়লে চালক গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে তাদের নামতে বাধ্য করেন।
এমিলির বাবা-মায়ের অভিযোগ, তারা উভয়েই মদ্যপ অবস্থায় ছিলেন এবং গাড়ি থেকে নামানোর পর অন্য একটি গাড়ির ধাক্কায় এমিলির মৃত্যু ঘটে। পরিবারটির আইনজীবীরা জানান, চালক ভু ট্রান তাদের জন্য কোনো সহায়তা চাননি এবং উবারের সাথে যোগাযোগ করে গাড়ি পরিষ্কারের জন্য অতিরিক্ত ফি আদায়ের দাবি করেন।
বিচারক রিচার্ড স্টোন মন্তব্য করেন, ট্রান তার যাত্রীদের নিরাপত্তার চেয়ে নিজের নতুন গাড়ি নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। তিনি নিরাপদ স্থানে এমিলিকে নামিয়ে দিতে পারতেন বলেও উল্লেখ করেন।
পাঁচ দিনের সালিশি প্রক্রিয়া শেষে বিচারক উবারকে এমিলির বাবা-মাকে ৪০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন। এমিলির পরিবারের পক্ষে আইনি লড়াই করা প্রতিষ্ঠান পানিশ, শিয়া অ্যান্ড রাভিপুদি এ তথ্য নিশ্চিত করেছে।
উবার জানিয়েছে, তারা এ ঘটনায় আইনগতভাবে দায়ী নয়, কারণ সংশ্লিষ্ট চালক একজন স্বাধীন ঠিকাদার হিসেবে কাজ করতেন। কোম্পানির দাবি, নিরাপত্তা নিশ্চিত করতে তারা নতুন প্রযুক্তি ও নীতিমালা চালু করেছে।
এদিকে, এমিলির পরিবারের আইনজীবীরা জানান, উবার শুরুতে এমিলির বাবা-মাকে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল, তবে এর বিনিময়ে ঘটনাটি নিয়ে তাদের কোনো কথা বলতে না হওয়ার শর্ত ছিল। পরিবারটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।