হাত হারানোর পর ছয় বছর আইনি লড়াই চালিয়ে অবশেষে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছে শিশু নাঈম হাসান নাহিদ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে কারখানা মালিক হাজী ইয়াকুব ১৫ লাখ টাকার চেক বুঝিয়ে দেন।
নাঈমের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক জানান, বিচারিক প্রক্রিয়ায় অঙ্গহানির ক্ষতিপূরণের টাকা আদায় একটি বিরল ঘটনা। তবে আপিল বিভাগের কঠোর অবস্থানের কারণে কারখানা মালিক বাধ্য হন টাকা দিতে।
নাঈমের পরিবার জানায়, ২০২০ সালে ভৈরবের একটি কারখানায় দুর্ঘটনায় তার ডান হাতের কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর কারখানা মালিক ইয়াকুব হাসপাতালে না নিয়ে পালিয়ে যান।
পরে নাঈম হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে রিট করেন। দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট ৩০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট এবং পড়াশুনার খরচ বাবদ মাসিক ৭ হাজার টাকা দেওয়ার রায় দেন। আপিলেও এই রায় বহাল থাকে।