জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায় ঘিরে নতুন করে আশার আলো দেখছেন রোহিঙ্গারা। ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা লাখো মানুষের কাছে এ রায় কেবল বিচারিক সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার স্বীকৃতি বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, দীর্ঘ ৭ বছরের বিচার প্রক্রিয়া শেষে জাতিসংঘের আদালত মিয়ানমারের বিরুদ্ধে রায় দিয়েছে, যেখানে রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগ আনা হয়েছিল। রোহিঙ্গারা এই রায়কে নিজেদের দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেখছেন। ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার ভারপ্রাপ্ত সভাপতি খিন মং বলেন, শুনানিতে বিচারকরা যথাযথ বিষয়গুলো তুলে ধরেছেন এবং রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন।
কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোতে রোহিঙ্গারা আদালতের রায় জানতে বড় পর্দায় ও বিভিন্ন মাধ্যমে সম্প্রচার দেখতে জড়ো হন। রায়ে সন্তোষ প্রকাশ করলেও ২০১৭ সালের সেই ভয়াবহ স্মৃতি তাদের তাড়া করে বেড়ায়। হাসিনা খাতুন নামে এক রোহিঙ্গা নারী বলেন, ‘২০১৭ সালে আমরা নৃশংস নির্যাতনের শিকার হই। মিয়ানমারের সেনাবাহিনী আমাদের বাড়িঘরে আগুন দেয় এবং পুরো গ্রাম ধ্বংস করে।’
২০১৭ সালের সামরিক অভিযানে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৭ লাখের বেশি রোহিঙ্গার সংখ্যা বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১২ লাখ ছাড়িয়েছে। আদালতের রায়ের পর রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ জোরদার হবে বলে আশা করছেন অধিকাকারর্মীরা।
তবে, রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। রাজ্যের অধিকাংশ এলাকা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকায়, আদালতের রায় দ্রুত প্রত্যাবাসনের পথ খুলবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।