চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলা এই বৈঠক বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বৈঠকে বিশ্বশান্তি ও আঞ্চলিক সংঘাত নিরসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান জিনপিং।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনের প্রেক্ষাপটে এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আগে জিনপিং ও পুতিনের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন ট্রাম্প। তিনি দুজনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেন।
বৈঠক শুরু হলে তিন নেতা পৃথকভাবে সূচনা বক্তব্য দেন। ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আমাদের তিনজনের অনেক কিছু আলোচনা করার আছে। আলোচনা ছাড়া কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি।’
বৈঠকে আঞ্চলিক শান্তি ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন পুতিন। তিনি জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত নিরসনে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে।
অন্যদিকে, জিনপিং ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে সম্প্রীতি বজায় থাকলে পৃথিবীজুড়ে শান্তি বিরাজ করে। সংঘাত তৈরি হলে গোটা বিশ্বে অস্থিরতা দেখা দেয়।’