রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১১ জন শিক্ষককে সর্বহারা পরিচয়ে ফোন করে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর একাধিক শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পুলিশ জানায়, ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে। শিক্ষকদের ফোনে হুমকি আসছে, কখনো ‘পূর্ব বাংলা সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে এবং কখনো সিরাজ শিকদারের ভাই বলে নিজেদের পরিচয় দিচ্ছে দুর্বৃত্তরা।
এক শিক্ষক জানান, তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে দুর্গপূজার আগেই তাঁর লাশ শ্বশানে নিয়ে গিয়ে দাহ করা হবে। অন্য এক শিক্ষক বলেন, এভাবে চলতে চলতে বড় ক্ষতির আশঙ্কা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানান, পুলিশ প্রশাসন তাঁকে জানিয়েছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি এক ধরনের স্ক্যাম। হুমকি আসা নম্বরগুলো ব্লক করার পরামর্শ দেওয়া হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ফয়জুল কবির বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হবে এবং শিক্ষকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি সাময়িক বিরক্তির চেষ্টা বলে তিনি মনে করেন। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা বের করা হবে।