যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে ইরানের সম্ভাব্য হামলার হুমকি মোকাবিলায় প্রশাসন সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান মার্কওয়েন মুলিন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে প্রতিদিনই সম্ভাব্য হামলার হুমকিসংক্রান্ত তথ্য পাচ্ছে মার্কিন প্রশাসন।
মুলিন সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের সম্ভাব্য হামলার হুমকি নিয়ে তারা নিয়মিত তথ্য পর্যবেক্ষণ করছেন। তিনি জানান, প্রেসিডেন্টের সঙ্গে প্রতিদিনের ব্রিফিংয়ে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির তথ্য তুলে ধরা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মুলিন বলেন, দেশের ভেতরে এ ধরনের হুমকি মোকাবিলায় তারা যথেষ্ট প্রস্তুত। তিনি জানান, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যুদ্ধবিষয়ক দফতরের (ডিওডব্লিউ) সঙ্গে সরাসরি সমন্বয় করছে।
মুলিন আরও বলেন, হুমকিসংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার আগেই মার্কিন প্রশাসন সেগুলো সম্পর্কে অবগত ছিল। তবে তিনি সতর্ক করে বলেন, অনেক সময় এসব তথ্য কেবল কথাবার্তা বা সম্ভাব্য হুমকির পর্যায়ে থাকতে পারে।
তিনি বলেন, 'কখনো কখনো এগুলো নিছক কথাবার্তা হতে পারে। কিন্তু আমরা প্রতিটি তথ্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং সব সময় প্রস্তুত থাকি।' যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য হুমকিগুলো প্রতিদিন পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সেগুলো মোকাবিলার প্রস্তুতি অব্যাহত রয়েছে।