ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাসে ২৮ বছর বয়সী আবিদা বেগমের সন্তান প্রসবের ঘটনা ঘটে। রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর তীব্র প্রসব বেদনা শুরু হলে বাসের ভেতরে এক ধাত্রীর সহায়তায় তিনি ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন।
আবিদা ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে লালমনিরহাটের হাতীবান্ধায় গ্রামের বাড়িতে ফিরছিলেন। চিকিৎসক জানিয়েছিলেন, তাঁর সন্তান জন্ম নিতে আরও প্রায় ২০ দিন সময় লাগবে। কিন্তু পথেই সব হিসাব বদলে যায়।
মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন জানার পর বাসের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। বাসের সুপারভাইজার মজনু মিয়া যাত্রীদের মিষ্টিমুখ করান এবং খবরটি পৌঁছায় বাস মালিক দিপুর কাছে।
শিশুর জন্য উপহার হিসেবে দোলনা, বেবি বেড, মশারি ও প্রসাধনী সামগ্রীসহ অন্যান্য উপহার পৌঁছে দেওয়া হয়। এছাড়া শিশুটি আজীবন 'আনাস এন্টারপ্রাইজের' বাসে বিনা ভাড়ায় যাতায়াত করার সুযোগ পাবে।
এই শিশুর নাম রাখা হয়েছে 'আনাস হাসান', যা বাসের নামের সঙ্গেই মিল রেখে রাখা হয়েছে। শিশুটির বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামে।