লালমনিরহাটের হাতীবান্ধায় একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যেখানে চলন্ত বাসে জন্ম নিয়েছে একটি শিশু। শিশুটির নাম রাখা হয়েছে বাসটির নাম অনুসারে—‘আনাস হাসান’。
জানা যায়, আবিদা আক্তার নামের এক গর্ভবতী নারী গত শনিবার রাতে ঢাকার জিরানী থেকে আনাস এন্টারপ্রাইজের একটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ প্রসব বেদনা শুরু হলে বাসের সুপারভাইজার চালককে গাড়ির গতি কমাতে বলেন।
পরে রাস্তার পাশে একটি পেট্রোল পাম্পে বাসটি থামানো হয় এবং স্থানীয় এক ধাত্রীকে ডেকে এনে আবিদা বাসের ভেতরেই সন্তানের জন্ম দেন। মা ও নবজাতক সুস্থ থাকায় বাসটি আবারও যাত্রা শুরু করে।
এসময় বাসের সুপারভাইজার যাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে বাসটি লালমনিরহাটের বড়খাতা এলাকায় পৌঁছায়। বাস কর্তৃপক্ষের সহায়তায় আবিদা ও তার নবজাতক সন্তানকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।
আবিদা তার সন্তানের নাম রাখার বিষয়ে জানান, বাসে জন্ম নেওয়ার স্মৃতি ধরে রাখতে তিনি শিশুটির নাম রেখেছেন ‘আনাস হাসান’।
এদিকে, শিশুটির জন্মের খবর পেয়ে আনাস এন্টারপ্রাইজের সদস্যরা বুধবার (৩০ সেপ্টেম্বর) আবিদার বাড়িতে যান এবং নবজাতকের জন্য দোলনা, বেডসেট, সাবান, ক্রিমসহ প্রয়োজনীয় সামগ্রী উপহার দেন। বাস কর্তৃপক্ষ এই ঘটনাকে স্মরণীয় একটি মুহূর্ত হিসেবে দেখছেন।