বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলাপাড়ায় বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

কলাপাড়ায় বিদ্যালয়ে জিন আতঙ্কে ২০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি।

কলাপাড়ায় বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে ভর্তি

পটুয়াখালীর কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে জিন আতঙ্ক ছড়িয়ে পড়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা যায়, দশম শ্রেণির ছাত্রী সানজিদা প্রথমে অসুস্থ হয়ে পড়লে তার সহপাঠীরা সহায়তায় এগিয়ে গেলে একে একে আরও অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়ের অভ্যন্তরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে থাকে শিক্ষার্থীরা।

অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে কলাপাড়া পঞ্চাশ শয্যা হাসপাতালে ভর্তি করেন। এছাড়া, চতুর্থ শ্রেণির কর্মচারী মোর্শেদা বেগমও শিক্ষার্থীদের সহায়তা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

মোর্শেদা বেগম বলেন, 'যেই অসুস্থ ছাত্রীর কাছে গেছে, সেই অসুস্থ হয়েছে। আমিও মাথা ঘুরে পড়ে গেছি।' নবম শ্রেণির শিক্ষার্থী পিংকি জানান, 'এতটা ভয় আগে কখনও পাইনি।'

আইসিটি বিভাগের শিক্ষক নেছার উদ্দিন বলেন, 'হঠাৎ এতগুলো বাচ্চা অসুস্থ হয়ে পড়ায় আমরা দিশা হারিয়ে ফেলেছি।' তিনি জানান, দশম শ্রেণির সানজিদার অসুস্থ হওয়ার পর পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মানিক মিয়া বলেন, 'এটি কোনো জিন ভুতের ঘটনা নয়, বরং এটি হিস্টোরিয়া বা মানসিক রোগজনিত সমস্যা।'

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, 'খবর পেয়ে আমরা হাসপাতালে উপস্থিত হয়েছি। বড় ধরনের শঙ্কার বিষয় নেই।'

বিজ্ঞাপন