খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ফ্যান ছিড়ে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে প্রথম শ্রেণির এক শিশু গুরুতর আহত হয়েছেন। এই ঘটনা ঘটে রোববার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় ও আহত ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, সকাল থেকে পাঠদান চলছিল এবং ফ্যানটি চালু ছিল। হঠাৎ ফ্যানটির নাট খুলে নিচে পড়ে যায়। প্রথমে এটি শ্রেণিকক্ষে একটি টেবিলের ওপর পড়ে এবং পরে আফিয়ার নাক ও মুখের ওপর আঘাত করে।
ফ্যানের আঘাতে আফিয়ার নাক ও মুখ কেটে যায় এবং রক্তপাত শুরু হয়। গুরুতর আহত অবস্থায় বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেন।
পরে উন্নত চিকিৎসার জন্য আফিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু জানান, বিদ্যালয়ের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং বর্তমানে আফিয়ার শারীরিক অবস্থা মোটামুটি ভালো রয়েছে।
এ ঘটনার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ব্যবহৃত বৈদ্যুতিক ফ্যানসহ অন্যান্য সরঞ্জামের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকেরা বিদ্যালয়ের ব্যবহৃত ফ্যান, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।