নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত মাসের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব এম জে আরিফ বেগের সই করা এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন খোন্দকার মিসবাহ উল আজীম। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন এবং রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
প্রায় চার দশকের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমি।
তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ, ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ওমানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি), এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পদক ও সম্মাননা লাভ করেন।