বিশ্বের অন্যতম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প বাংলাদেশে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল উন্মোচন করেছে। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বাইক দুটির উদ্বোধন করা হয়, যেখানে প্রায় হাজারখানেক বাইকার উপস্থিত ছিলেন।
হিরো মোটোকর্পের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হর্ষবর্ধন চিতালে বলেন, ‘বাংলাদেশ আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বাজার। গত ১২ বছর ধরে আমরা বাংলাদেশের রাইডারদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা তৈরি করেছি।’ তিনি আরও জানান, নতুন এক্সপালস ২০০ সিরিজের মোটরসাইকেলগুলো রাইডিং সংস্কৃতিকে আরও উন্নত করবে।
এক্সপালস ২০০ সিরিজের মোটরসাইকেলগুলোতে ১৯৯.৬ সিসি, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, অয়েল-কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন ৮ হাজার ৫০০ আরপিএমে ১৮.৯ বিএইচপি শক্তি এবং ৬ হাজার ৫০০ আরপিএমে ১৭.৩৫ এনএম টর্ক উৎপন্ন করে।
মোটরসাইকেল দুটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে তিনটি এবিএস মোড — রোড, অফ-রোড এবং র্যালি। এছাড়াও ডুয়াল-পারপাস টায়ার, অ্যাডজাস্টেবল মোনো সাসপেনশন, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সুবিধা রয়েছে।
এক্সপালস ২০০ ৪ভি মডেলের দাম ৩ লাখ ৩৫ হাজার টাকা এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো মডেলের দাম ৩ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিলয় মোটরস এই মোটরসাইকেলগুলো দেশে বাজারজাত করছে এবং গ্রাহকদের ৫ বছরের ওয়ারেন্টি ও ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করছে।