ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আলিমুজ্জামান সাজুর মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজ বরেয়া গ্রামে তাকে দাফন করা হয়।
এর আগে, বেলা ১২টার দিকে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে সাজুর মরদেহ হস্তান্তর করে ভারতীয় বিএসএফ। ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা মরদেহটি পরিবারের কাছে পৌঁছে দেন।
বেলা ৩টার দিকে মরদেহবাহী গাড়িটি কালিগঞ্জের বরেয়া গ্রামে পৌঁছায়। গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীসহ হাজারো মানুষ সাজুকে শেষবারের মতো দেখতে আসেন। স্থানীয়রা জানান, সাজু ছিলেন সদালাপী ও সৎ মানুষ।
আসর নামাজের পর বাড়ির পাশে মসজিদ চত্বরে সাজুর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তার বাবা ও অন্যান্য পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। মোস্তাফিজের বাবা জানান, তারা পারিবারিকভাবে আত্মীয়।
অন্যদিকে, কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামের রেবাতি সরকারের মরদেহ পরিবারের অনুরোধে কলকাতায় সৎকার করা হয়েছে।