কলকাতার হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্ত ও তার ছেলে স্বর্ণশীষ দত্তের মরদেহ শনিবার রাত ২২ আগস্ট কুষ্টিয়ায় পৌঁছানোর পর সৎকার করা হয়েছে।
রোববার ভোরে দেবাশীষের স্ত্রী আফসানা ও শ্বশুর আকরাম আলীর মরদেহও দাফন করা হয়। শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দরে পৌঁছায় দেবাশীষের পরিবারের চার সদস্যসহ সাভারের আহমেদ বাবুর মরদেহ।
ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে রাতে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। পরে লাশবাহী গাড়িতে করে স্বজনরা নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন।
এদিকে, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আলিমুজ্জামান সাজুর মরদেহ ছোট ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়। পরে কালীগঞ্জের বরেয়া গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে রেবতী সরকারের মরদেহ। উল্লেখ্য, গত বুধবার রাতে কলকাতার হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ৯ জন, যাদের মধ্যে ৭ জন বাংলাদেশি। এ ঘটনায় কয়েকজন বাংলাদেশি নাগরিক দগ্ধ হয়েছেন।