ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়।
মন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং থানার বিভিন্ন ফ্লোরে অবস্থিত প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস কক্ষ, হাজতখানা, পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস পরিদর্শন করেন।
ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
মন্ত্রী তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তাদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, "পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে থানায় আসতে পারেন এবং নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন, আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।"
এই পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।