রাজধানীর গুলশান ও বনানীতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং সড়কে সুশাসন প্রতিষ্ঠার দাবিতে নাগরিক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বর চত্বরে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবিদাওয়া উত্থাপন করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উল্টো পথে গাড়ি চালানো, অনির্ধারিত রুট ও ট্রাফিক নিয়ম না মানার কারণে এসব এলাকায় প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা উল্লেখ করেন, অনিয়মের বিরুদ্ধে তাদের এই অবস্থান।
কর্মসূচিতে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শুধুমাত্র বৈধ লাইসেন্স ও নিবন্ধিত অটোরিকশা চলাচল, প্রধান সড়কে চলাচলে সীমাবদ্ধতা এবং নিয়মিত ট্রাফিক মনিটরিং নিশ্চিত করা।
তারা জানান, অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে সরকার কঠোর আইনি পদক্ষেপ নিলে দেশের আইন মান্যকারী নাগরিকরা পাশে থাকবে।